ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিল ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
ট্রাম্পের হুমকির পর 'জঘন্য কর্মকাণ্ড' প্রতিরোধ করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন এ আহ্বান জানিয়েছে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানিয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন বলেছে, ‘মার্কিন প্রেসিডেন্ট দেশটিতে “সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার” হুমকি দিচ্ছেন।’
পোস্টে মিশনটি বলেছে, ‘জাতিসংঘের বিবেক যদি সজীব থাকত, তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্টের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে এক অন্তহীন যুদ্ধে টেনে নিয়ে যেতে চান।’
পোস্টে আরো বলা হয়েছে, ‘এটি বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য সরাসরি ও প্রকাশ্য উস্কানি এবং যুদ্ধাপরাধ সংঘটনের অভিপ্রায়ের সুস্পষ্ট প্রমাণ।’
এই ধরনের জঘন্য যুদ্ধাপরাধ প্রতিরোধ করার আইনগত বাধ্যবাধকতা আন্তর্জাতিক সম্প্রদায় ও সকল রাষ্ট্রের রয়েছে। তাদের এখনই পদক্ষেপ নিতে হবে। কাল অনেক দেরি হয়ে যাবে।
