গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রায় যাওয়ার সময় মিনিবাসটি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ফ্লাইওভার থেকে অন্যত্র সরিয়ে নিলে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আহমেদ জানান, ‘দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে তাকওয়া পরিবহনের মিনিবাসটি ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
