ইরানের নৌ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত
এক বিমান হামলায় ইরানের নৌবাহিনী কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
ইসরায়েল কাটজ দাবি করে বলেন, ‘হরমুজ প্রণালী অবরোধে ভূমিকার অপরাধে আমাদের বিমান বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন।’
তিনি আরো বলেন, হরমুজ প্রণালীতে মাইন পেতে ও জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার সন্ত্রাসী অভিযানের জন্য সরাসরি দায়ী লোকটিকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে নির্মূল করা হয়েছে।’
ইসরায়েল কাটজ একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘বুধবার রাতে একটি সুনির্দিষ্ট ও প্রাণঘাতী অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ডটি চালানো হয় এবং এতে নৌ কমান্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিলো।’
২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে গুপ্তহত্যার ঘোষণা দিয়েছে।
তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা তোহিদ আসাদি জানিয়েছেন, তাংসিরি নিহত হওয়ার বিষয়টি ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
তিনি বলেন, আইআরজিসি নৌ কমান্ডারকে ইসরায়েলের দাবি করা গুপ্তহত্যা হবে আরেকটি বড় আঘাত।
প্রতিবেদনটি সত্য হলে, যে দেশটি ইতোমধ্যেই বহু সামরিক কমান্ডারকে হারিয়েছে, তার জন্য এটি হবে আরেকটি বড় আঘাত।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাংসিরির ভূমিকার কারণে তিনি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক দিনগুলোতে তিনি ইসরায়েলি ও আমেরিকানদের উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বিশেষভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন।
