শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত
রাজধানী ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স (ডিআরএস), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্টসহ আশপাশের বহু এলাকা।
এছাড়া ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জসহ আশপাশের সব শ্রেণির গ্রাহক এই সাময়িক গ্যাস সংকটের আওতায় পড়বেন।
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত এলাকায় সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে।
