জ্বালানি দামের প্রভাবে নিত্যপণ্যে ঊর্ধ্বগতি, চাপে ভোক্তারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে চাল, ডিম, তেল, আটা-ময়দাসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগের নতুন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, মাঝারি মানের চাল (পাইজাম/লতা) প্রতি কেজিতে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে। কয়েকদিন আগেও ৫৫ থেকে ৬৮ টাকায় বিক্রি হওয়া এই চাল এখন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে খোলা আটা ৪২ থেকে ৪৬ টাকা, প্যাকেট আটা ৫৫ থেকে ৬০ টাকা এবং খোলা ময়দা ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগের তুলনায় কেজিতে দুই থেকে পাঁচ টাকা বেশি।
খোলা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বেড়ে বর্তমানে ১৮৫ থেকে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দাম কেজিতে বেড়ে হয়েছে ৯০ থেকে ১০০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহ আগে প্রতি ডজন ১২০ টাকায় বিক্রি হওয়া ফার্মের ডিম এখন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও একই চিত্র। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৭০ টাকার ওপরে। বেগুন ৮০ থেকে ১২০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং কচুমুখী ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাব সরাসরি পাইকারি বাজারে পড়েছে। ট্রাক ভাড়া এক লাফে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় পণ্যের সরবরাহ খরচও বেড়েছে। এর ফলে ধীরে ধীরে খুচরা বাজারেও দাম বাড়তে শুরু করেছে।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়তি দামের চাপে দৈনন্দিন খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। অনেকেই আগের তুলনায় কম পরিমাণে বাজার করছেন। বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার কারণে বেচাকেনা কমে গেছে এবং বাজারে ক্রেতার উপস্থিতিও আগের তুলনায় কম।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্যেও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি উৎপাদন, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ব্যয় বাড়িয়ে দিচ্ছে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যেতে পারে।
