হার্ট সুস্থ রাখতে উপকারী যে ৫ সবজি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ক্ষতিকর খাবার খেলে যেমন হার্টের রোগের ঝুঁকি বাড়ে তেমনি উপকারী খাবার গ্রহণ করলে হার্টকে সুস্থ রাখা সম্ভব। আমাদের শরীরে কোলেস্টেরল প্রয়োজনীয় একটি উপাদান, যা কোষের মেমব্রেন তৈরি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। তবে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল বেড়ে গেলে তা রক্তনালিতে জমে গিয়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এ অবস্থায় শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ানো জরুরি। এই কোলেস্টেরল বৃদ্ধি পেলে শরীর নানা উপকার পায় এবং হার্টের অসুখের ঝুঁকিও কমে। এইচডিএল বাড়াতে কিছু নির্দিষ্ট খাবার, বিশেষ করে সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি উপকারী সবজি—
বিট
উপকারী সবজির মধ্যে বিট অন্যতম। এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পর্যাপ্ত বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে। নিয়মিত বিট খেলে হার্ট সুস্থ রাখতে সহায়তা পাওয়া যায়।
বেগুন
বেগুনে থাকা অ্যান্থোসায়ানিন নামক যৌগ এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তাই হার্ট ভালো রাখতে বেগুন পাতে রাখা যেতে পারে। তবে ডুবো তেলে ভাজা না খাওয়াই ভালো, বরং স্বাস্থ্যকরভাবে রান্না করে খাওয়া উচিত।
মটরশুঁটি
মটরশুঁটিতে ভিটামিন বি৩ বা নিয়াসিন থাকে, যা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়ক। নিয়মিত মটরশুঁটি খেলে হার্টের বিভিন্ন রোগের ঝুঁকি কমতে পারে।
আরো পড়ুন : অসহ্য গরমে কী খাবেন, কী খাবেন না
পালংশাক
পালংশাক খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এতে থাকা উপাদানগুলো ভালো ও খারাপ কোলেস্টেরলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই নিয়মিত পালংশাক খাওয়ার অভ্যাস হার্টের জন্য উপকারী।
টমেটো
রঙিন ও জনপ্রিয় সবজি টমেটোতে বিটা ক্যারোটিন ও ভিটামিন বি৩ থাকে। এগুলো ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়তা করে। তবে পরিমাণের চেয়ে বেশি টমেটো খাওয়া উচিত নয়।
সুষম খাদ্যাভ্যাস ও এসব সবজি নিয়মিত খাওয়ার মাধ্যমে হার্ট সুস্থ রাখা সহজ হতে পারে।
