ফের বাড়লো এলপিজির দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
ছবি : সংগৃহীত
এক মাসের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা।
রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই এলপিজির দাম এক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। ফলে এক মাসে দুই দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধি হলো।
বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হয়েছে এবং অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে এলপিজি পরিবহন ব্যাহত হচ্ছে। বিকল্প উৎস থেকে আমদানি করতে গিয়ে সময় ও খরচ বেড়েছে। পাশাপাশি বেড়েছে বিমা ও নিরাপত্তা ব্যয়ও। এসব কারণে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
