চব্বিশ ঘন্টায় প্রায় ৪৩ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
চব্বিশ ঘন্টায় সারাদেশে পরিচালিত অভিযানে ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে সর্বমোট ৪ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা। আর এসব ঘটনায় ২ জনকে ১৪ দিন কারাদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে শনিবার (৪ এপ্রিল) অভিযানের সারমর্ম বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে মজুদ জ্বালানি তেল উদ্ধারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শনিবার (৪ এপ্রিল) ৩৩৩টি অভিযানে ১০৭টি মামলা দেয়া হয়েছে, যাতে মোট ৪ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা জরিমানা এবং ২ জনকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪১ হাজার ৭০০ লিটার ডিজেল ও ১ হাজার ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
