ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করার পাশাপাশি নির্বাচন করার ঘোষণা তামিমের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি আজ (মঙ্গলবার) বিকালে দায়িত্ব পেয়েই সন্ধ্যায় প্রথম সভা করেছে। প্রথম সভাতেই বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করার পাশাপাশি নির্বাচন করার ঘোষণাটা দিয়ে রেখেছেন কমিটির সভাপতি তামিম ইকবাল খান।
মঙ্গলবার (৭ এপ্রিল) বোর্ড সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তামিম। সেখানেই জানান প্রথম লক্ষ্যের কথা। বলেন, ‘এখানে যখনই এরকম দায়িত্ব কেউ পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি, পাশাপাশি আমার টিম এটা অনুভব করে, সবাই মিলে আমরা একসঙ্গে উপলব্ধি করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এক থেকে দেড় বছরে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
১১ সদস্যের এই অ্যাডহক কমিটির বাধ্যবাধকতা আছে তিন মাসের মধ্যে বোর্ডের নির্বাচন আয়োজন করার। সেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তামিম। বললেন, ‘আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা সততার সঙ্গে করতে পারি, আর যতটা দ্রুত করতে পারি, আমরা এই জিনিসটাই করবো। সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করবো।’
বিসিবির নতুন সভাপতি বলেন, ‘আমি নিশ্চিত, এটা আপনারা সবাই বিশ্বাস করেন, গত এক-দেড় বছরের ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করবো বা করবো না, এটা নিয়ে আলোচনা থাকবে, কিন্তু এখানে কেউই চায় না, ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে, এই জায়গায় থাকুক।’
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সফলতম ওপেনার বললেন, ‘আমাদের উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট, জাস্ট কথা বলার জন্য বলা নয়। আমরা চেষ্টা করবো। আমাদের ভুল হবে। আমাদের টিমে যারা আছেন, তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখবো, আবার আমরা চেষ্টা করবো। এটাই হলো আমাদের মূল লক্ষ্য।’
বিসিবির নির্বাচন নিয়ে তামিম বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন করবো। এখানে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি (নির্বাচন) করতে পারি, উনার (বাঁ পাশের জনকে দেখিয়ে) ইচ্ছে থাকতে পারে, উনার (ডান পাশের জনকে দেখিয়ে) ইচ্ছা নাও থাকতে পারে। যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে…শুধু আমরা নই, যারা যারা আগ্রহী সবাইকে অনুরোধ করবো অংশ নিতে।’
এরপরই যোগ করলেন, ‘একটা বোর্ডের নির্বাচন হবে, যারা যারা আছেন, বোর্ডের ক্রিকেটাররা, সংগঠক, সবার অংশ নেওয়া উচিত। আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, এই অবস্থানটা আমরা এই পরিবেশ তৈরি করে দেবো, যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।’
নির্বাচনের সময় তামিম দায়িত্বে থাকবেন কি না, তা অবশ্য তিনি পরিষ্কার করেননি।
সভায় অ্যাডহক কমিটির সদস্য তানজিল চৌধুরিকে বোর্ডের মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়। এই বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়।
