মাদারীপুর
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
ছবি : সংগৃহীত
মাদারীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই রোগীর মৃত্যুর পর হাসপাতাল ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পানিছত্র এলাকায় অবস্থিত ‘কে. আই হাসপাতালে’ এই ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মাদারীপুর-শরিয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করেন তারা।
এর আগে গত বুধবার বিলকিস বেগম (৪৫) নামে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। ভুক্তভোগী বিলকিস মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী।
স্বজনরা জানান, পিঠে ফোড়ার প্রচণ্ড ব্যথা নিয়ে বেগমকে শহরের পানিছত্র এলাকার ‘কে আই হাসপাতালে’ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রোগীর অস্ত্রোপচার চালানো হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘড়ি করে বিলকিস বেগমকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাঝপথে ওই গৃহবধূর মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রোগীর স্বজনরা সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় এবং মাদারীপুর-শরিয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। এতে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে ঘটনার পর ওই হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
