×

চট্টগ্রাম

জিয়ার আমলে খনন করা খাল বিলীন, সেচ সংকটে দিশেহারা কৃষক

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

জিয়ার আমলে খনন করা খাল বিলীন, সেচ সংকটে দিশেহারা কৃষক

ছবি: নিজস্ব

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে বহমান খাল আজ প্রায় বিলীন। গ্রামের উত্তর পাড়ার ব্রীজ থেকে আলগী পর্যন্ত প্রায় সোয়া দুই কিলোমিটার দীর্ঘ খালটি এখন আর খাল বলে চেনার উপায় নেই। কোথাও এটি ভরাট হয়ে গেছে, আবার কোথাও পার্শ্ববর্তী জমির মালিকদের দখলে চলে গেছে। পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় খালটি এখন মৃত। হারিয়ে ফেলেছে তার বাস্তব অস্তিত্ব।

জানা গেছে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সারা দেশে গৃহীত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চন্দনপুর ও শিবনগর গ্রামের মাঝখান দিয়ে এই খালটি খনন করা হয়। তৎকালীন যুব উন্নয়ন প্রতিমন্ত্রী আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন। এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিবনগর গ্রামের শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব, স্কুল শিক্ষক মরহুম তৈয়ব আলী পণ্ডিত।

তৈয়ব আলী পণ্ডিতের ছেলে সিনিয়র সাংবাদিক গোলাম আক্তার ফারুক ভোরের কাগজকে জানান, ধারণা করা হয় ১৯৭৮-১৯৭৯ সালের দিকে খালটির খনন কাজ সম্পন্ন হয়। উদ্বোধনের দিন শিবনগরের হাটখোলার চকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পরে চন্দনপুর গ্রামের উত্তর প্রান্তে মেঘনা নদীর তীর থেকে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিমন্ত্রী আবুল কাশেম।

তিনি আরও বলেন, একসময় এই খালটি ছিল পানিতে পরিপূর্ণ ও প্রাণচঞ্চল। কৃষকরা এই খালের মাধ্যমে সেচ সুবিধা পেতেন, বর্ষা মৌসুমে চলত নৌযান চলাচল, আর নদীর স্রোত খাল দিয়ে প্রবাহিত হতো। বর্ষাকালে খালে প্রচুর মাছ পাওয়া যেত, ফলে চন্দনপুর ও শিবনগরের বাসিন্দারা জাল ও বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে খালটির অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যাওয়ায় কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে খালটি পুনরায় খননের জোর দাবি জানানো হয়েছে।

স্থানীয় কয়েকজন কৃষকের ভাষ্য অনুযায়ী, মেঘনা নদীর সঙ্গে সংযোগ থাকা এই খালটি একসময় আশপাশের অন্তত ৩০টি গ্রামের কৃষির প্রধান ভরসা ছিল। বর্ষা মৌসুমে খালে পর্যাপ্ত পানি জমে থাকত এবং শুষ্ক মৌসুমে সেই পানি সেচের কাজে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে খালটি প্রায় হারিয়ে গেছে। ফলে জমি শুকিয়ে যাচ্ছে, সময়মতো ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। এতে অনেক কৃষক বাধ্য হয়ে কৃষিকাজ থেকে সরে দাঁড়াচ্ছেন। কেউ কেউ আবার আবাদি জমিতে ঘর তুলে বসতি গড়ে তুলছেন। এর ফলে একদিকে যেমন : কৃষি উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে এলাকার প্রাকৃতিক ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে খালটি খনন না করায় এর তলদেশ ভরাট হয়ে গেছে এবং পানি চলাচলের স্বাভাবিক পথ সংকুচিত হয়েছে। এ সুযোগে খালের পার্শ্ববর্তী জমির মালিকেরা ধীরে ধীরে খালের বিভিন্ন অংশ দখল করে নিয়েছেন। ফলে খালটি এখন কার্যত তার অস্তিত্বই হারিয়ে ফেলেছে বলে তাদের অভিযোগ।

এমন পরিস্থিতিতে খাল পুনঃখননে সরকারিভাবে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করে, যেখানে খাল, নদী ও জলাশয় খননে নির্দিষ্ট নিয়ম মেনে চলা এবং অনুমোদিত ড্রেজার ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর থেকে সারাদেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। নির্বাচনকালীন অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার প্রাথমিকভাবে ১ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাস্তবায়নের অগ্রগতিতে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২০০ কিলোমিটারেরও বেশি খাল পুনঃখনন করা সম্ভব হবে।

কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মেঘনা উপজেলায় খাল খননের তালিকা নিয়েই রয়েছে স্পষ্ট অসংগতি। ২০২৩ সালের ২৩ নভেম্বর প্রস্তুতকৃত তালিকায় খালের সংখ্যা দেখানো হয়েছে ২৩টি, অথচ উপজেলা তথ্য বাতায়ন ওয়েবসাইটে উল্লেখ রয়েছে ৩৩টি খালের। সর্বশেষ গত ৩ মার্চ উপজেলা প্রশাসন জেলা প্রশাসকের কার্যালয়ে মেঘনা উপজেলার খাল খননের যে তালিকা পাঠিয়েছে, সেটিও পুরোনো তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, চন্দনপুর থেকে আলগী পর্যন্ত যে খালটি জিয়াউর রহমানের সরকারের সময় খনন করা হয়েছিল, বর্তমানে সবচেয়ে বেশি সংকটে এবং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই খালটির নামই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। সরেজমিনে যাচাই না করেই তালিকা প্রণয়ন করায় এমন একটি জরুরি খাল উপেক্ষিত থেকে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

অন্যদিকে পানি সংকটের কারণে কৃষিতে যে ধস নেমেছে, তার প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট। জমির উর্বরতা কমে যাচ্ছে, ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে, আর কৃষকরা ধীরে ধীরে বিকল্প পেশার দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে এটি খাদ্য নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আক্তারের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে খতিয়ে দেখে পরে বিস্তারিত বক্তব্য দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেখে নিন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে

দেখে নিন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে

কুমিল্লায় হাম-রুবেলায় আরো এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম-রুবেলায় আরো এক শিশুর মৃত্যু

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App