পাবনায় হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত
পাবনায় হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় মোট ৫৫ হাজার ৬৫৭ শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় রয়েছে ২৬ হাজার ৫৫৮ শিশু। পাশাপাশি আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলাসহ পুরো জেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ শিশুকে টিকার আওতায় আনা হবে। ৫ এপ্রিল শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি সদর উপজেলার হিমায়েতপুর ও দোগাছি এলাকায় হাম রোগের সংক্রমণ তুলনামূলক বেশি দেখা গেছে। ইতোমধ্যে জেলায় হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যদিও সদর হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত জরুরি। তাই নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে ২৫ জন শিশু হাম ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত তিন মাসে হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু হলেও তাদের মধ্যে ২২ ও ৩৬ বছর বয়সী দুজন প্রাপ্তবয়স্ক রোগীও রয়েছেন।
