নতুন দায়িত্বে মাহদী আমিন ও ছালেহ শিবলী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: মাহদী আমিন ও ছালেহ শিবলী
প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রচার ও মিডিয়াতে উপস্থাপনের লক্ষ্যে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)-কে।
রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুসারে প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদানের ক্ষেত্রে মাহদী আমিন ও আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ দায়িত্ব প্রদানের ফলে এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যেকোনো আনুষ্ঠানিক বক্তব্য বা দাপ্তরিক তথ্য এই দুই মুখপাত্রের মাধ্যমে গণমাধ্যমে জানানো হবে।
মাহদী আমিনের প্রোফাইল: প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা নিযুক্ত হন। ২০২৪ সালে তিনি দলটির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান।
শিক্ষা, প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতিমালায় বিশেষজ্ঞ মাহদী আমিন দীর্ঘদিন ধরে বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন।
ছালেহ শিবলীর প্রোফাইল: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী একজন অভিজ্ঞ সাংবাদিক। কর্মজীবনে তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইসহ শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
রাজনৈতিক অঙ্গনে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়া চারদলীয় জোট সরকারের আমলে তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও কয়েক দশক ধরে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিবিঢ়ভাবে কাজ করে আসছেন।
