ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৫৯ এএম
ছবি : সংগৃহীত
শুক্রবার ভোরের কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোর ৫টা থেকে শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলা বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলো তলিয়ে যায়। ছুটির দিন হলেও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।
সরেজমিনে দেখা গেছে, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মালিবাগ, মৌচাক, নিউমার্কেট, গ্রিনরোড, পান্থপথ, কারওয়ান বাজার, ঝিগাতলা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে রয়েছে। অনেক জায়গায় ফুটপাত ছাড়িয়ে প্রধান সড়কও পানির নিচে তলিয়ে গেছে। ফলে পথচারীদের বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।
ভুক্তভোগী নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতার এই ভোগান্তি নতুন নয় বরং দীর্ঘদিনের সমস্যা। ঢাকার খাল ও প্রাকৃতিক জলাধার ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। তারা এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারের কার্যকর ও কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
আরো পড়ুন : ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস
আরামবাগের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মো. হাসানুর রহমান বলেন, ‘ছুটির দিনে বাজার করতে বের হয়ে দেখি চারপাশ পানির নিচে। ড্রেনের নোংরা পানি মাড়িয়ে হাঁটতে হচ্ছে, এতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বৃষ্টি হলেই এই দুর্ভোগ—এ থেকে কবে মুক্তি পাব, জানি না।’
মিরপুরের এক বাসিন্দা বলেন, ‘সামান্য বৃষ্টিতেই মিরপুরের রাস্তা যেন নদীতে পরিণত হয়। প্রধান সড়ক তো বটেই, গলিতেও হাঁটু থেকে কোমরসমান পানি জমে। ড্রেন ঠিকমতো পরিষ্কার করা হয় না, আর আশপাশের খালগুলো ভরাট করে ফেলা হয়েছে। পানি নামবে কীভাবে? ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকারের জোরালো উদ্যোগ নেওয়া জরুরি।’
সিএনজিচালক শাহিন আলম বলেন, ‘রাস্তায় পানি জমে গেলে গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পানির নিচে গর্ত বোঝা যায় না, অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ভোরের কয়েক ঘণ্টার বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে সারাদিন বৃষ্টি হলে পুরো ঢাকা অচল হয়ে যাবে।’
