×

রাজধানী

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

ছবি : সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান আরো জোরদার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি আরো উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশে সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিএমপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সমন্বিতভাবে কঠোর অবস্থানে রয়েছে।

সম্প্রতি ডিএমপি’র তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোহাম্মদপুর, শের-ই-বাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা এবং হাতিরঝিল থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড পরিচালনা করা হয়।

আরো পড়ুন : ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত, আটক ৫

ডিএমপি’র তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে রাজধানীতে বিভিন্ন অপরাধে ৯ হাজার ২৫৯ জনকে গ্রেপ্তার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে রাজধানীর ১১টি থানায় মোট ২ হাজার ৬২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা ৬৭৪ জন, হাজারীবাগ ৪৯৪ জন, নিউমার্কেট ৫১ জন, মিরপুর ৪৬৯ জন, শাহবাগ ১৫৯ জন, বংশাল ১৩২ জন, লালবাগ ১২৮ জন, উত্তরা পশ্চিম ২৩৪ জন, ধানমন্ডি ৬৭ জন, বাড্ডা ১১৫ জন এবং মতিঝিল থানা ১০২ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ধারাবাহিক অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং পুলিশ-জনগণের সমন্বিত সহযোগিতার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি আরো বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা আরো উন্নত করতে অপরাধীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খুন, অর্থপাচার, সাইবার অপরাধ, জালিয়াতি, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ ও ফরেনসিক বিশ্লেষণসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে কাজ করছে। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তারা সক্রিয় রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার এবং ৬টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ২টি মানিলন্ডারিং সংক্রান্ত।

র‌্যাবও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, অবৈধ অস্ত্র, দালাল চক্র ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে। সংস্থাটির তথ্যমতে, ফেব্রুয়ারিতে ৬২৭ জন এবং মার্চে ৮৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যথাক্রমে ৪৪টি ও ৯৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এদিকে, সীমান্তে চোরাচালান, মাদক এবং নারী-শিশু পাচার প্রতিরোধে কাজ করছে বিজিবি। প্রয়োজনে তারা অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সহায়তা দিচ্ছে।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মার্চ মাসে অভিযান চালিয়ে ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। গত মার্চে বিভিন্ন অপরাধে ৬৭৩ জনকে গ্রেপ্তার এবং ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দমনে পুলিশ তৎপর রয়েছে এবং এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব জানান, আইনশৃঙ্খলা উন্নয়নে একাধিক টিম কাজ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে এবং এলাকায় আগের তুলনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন উদ্যোগের ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এলাকায় পরিস্থিতি ভালো থাকলেও তা আরো উন্নয়নে কাজ চলছে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে ইরানের অভিযোগ

জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে ইরানের অভিযোগ

দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন আহত

দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App