কলাগাছ নিয়ে দন্দ্ব
পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: মাগুরার শ্রীপুর উপজেলায় পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়িসহ দুজন গ্রেপ্তার
মাগুরার শ্রীপুর উপজেলায় কলাগাছ নিয়ে পারিবারিক বিরোধের জেরে পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান।
এর আগে সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- চর মহেশপুর গ্রামের ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের পুত্রবধূ লিমা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রাশিদা বেগম নামে এক নারী মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম সাংবাদিকদের বলেন, অতিরিক্ত বৃষ্টিতে বাড়ির পাশে থাকা ছেলের কলাগাছ হেলে পড়লে তিনি গাছগুলো সোজা করতে পাতা কেটে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। আত্মরক্ষার জন্য তিনি পাল্টা আক্রমণ করেন বলেও দাবি করেন। মারধরের সময় তার মাথার চুল টেনে উপড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, রাশিদা বেগমের দায়ের করা মামলায় অভিযুক্ত ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পারিবারিক একটি ছোট বিষয় থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেন অনেকেই।
