সাকিবের ফেরা প্রসঙ্গে যা বললেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি- সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাসহ সাবেক ক্রিকেটারদের জাতীয় দলে ফিরতে আইনি সমস্যার সমাধান করতে হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, খেলোয়াড়দের বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি সুরাহা হলে ক্রিকেট বোর্ড তাদের খেলার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান আর দেশে ফেরেননি। তার নামে একাধিক মামলা থাকায় দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এ প্রসঙ্গে তামিম ইকবাল বলেন,'সাকিব, মাশরাফী বিন মুর্তজা এবং নাঈমুর রহমান দুর্জয় আমাদের তিন সাবেক অধিনায়কই একই রকম পরিস্থিতিতে আছেন। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় যেকোনো সুযোগ-সুবিধার জন্য আমরা তাদের স্বাগত জানাব। তবে আমাদের মন্ত্রীও বলেছেন যে তাদের আইনি সমস্যাগুলো সমাধান করে আসতে হবে।'
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এর আগে জানিয়েছিলেন যে সাকিবের মতো সাবেক সংসদ সদস্যদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই খেলায় ফিরতে হবে। তামিম সাংবাদিকদের অনুরোধ করেন শুধু সাকিবকে নিয়ে প্রশ্ন না করে মাশরাফী ও দুর্জয়কেও একই কাতারে দেখতে। তিনি যোগ করেন,'বোর্ড হিসেবে ক্রিকেটের প্রয়োজনে আমরা সবসময় আছি, যদি উনারা ওই সমস্যাগুলো (মামলার ব্যাপার) সমাধান করে আসতে পারেন।'
সাকিব আল হাসান সর্বশেষ ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের অনিয়মিত এই অলরাউন্ডার বর্তমানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আইনি জটিলতার কারণে তার দেশে ফেরার বিষয়টি ঝুলে আছে।
