এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের জন্য বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মৌসুমে এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ মোহাম্মদ সালাউদ্দিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিসিবি সূত্র ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরির এই কারখানায় এবার বয়সের কোনো কড়াকড়ি থাকছে না।
বিসিবি সভাপতি তামিম ইকবাল চলতি মাসেই এইচপি বিভাগ নিয়ে বিশেষ বৈঠকে বসবেন। সেখানে সালাউদ্দিনের নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। মে মাস থেকে শুরু হবে ক্রিকেটারদের নিবিড় প্রশিক্ষণ। এরপরই শুরু হবে মাঠের ব্যস্ততা। জুন মাসে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশে আসবে এইচপি ইউনিটের বিপক্ষে খেলতে। এরপর জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি এক দিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা।
এইচপি দলের ব্যস্ততা সেখানেই শেষ হচ্ছে না। আগামী ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে দলটি। সেখানে ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্টের পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। এর বাইরে ইমার্জিং এশিয়া কাপেও এইচপির ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
