×

জাতীয়

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম

ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং গ্রাম ও শহরের বৈষম্য কমাতে সরকার ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

লোডশেডিংয়ে মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং থাকলেও তা আগামী সাত দিনের মধ্যে কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, “স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই উত্তপ্ত গরমে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় ভুগতে হচ্ছে। এটি এক দিনের সমস্যা নয়; দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার দায় কারও একার নয়। বিগত সরকারের অব্যবস্থাপনার প্রভাবও এখানে রয়েছে।”

তিনি আরও বলেন, কাগজে-কলমে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও বাস্তবে তার সঙ্গে গরমিল রয়েছে। গতকাল বুধবার সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছিল ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং দিতে হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকার হচ্ছে কৃষি খাতকে সুরক্ষা দেওয়া। “ফসল ওঠার মৌসুমে কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন,” বলেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ সংকটের কারণে কিছু এলাকায় লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজধানী ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে—এটি কাম্য নয়। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যেই শহরেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকেরা সেচে পর্যাপ্ত বিদ্যুৎ পান।”

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে দৈনিক চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে ১ হাজার ৬৮৬ মিলিয়ন ঘনফুট এবং আমদানি হচ্ছে ৯৫০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে।

তিনি আরও জানান, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে গ্যাস আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না, তবে আগামী ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় এ খাতে দৃশ্যমান অগ্রগতি আসবে।

প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত ও কয়লাভিত্তিক কিছু বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে পূর্ণ উৎপাদনে নেই। এগুলো কয়েক দিনের মধ্যে চালু হলে লোডশেডিং কমে আসবে।

তিনি বলেন, “আমি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি এবং আশ্বস্ত করছি—সরকার সর্বোচ্চ চেষ্টা করছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে।”

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান এবং বলেন, সরকারের প্রতিটি সিদ্ধান্তে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App