ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ইউরোপিয়ান ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
আলামারা জাবি। ছবি- সংগৃহীত
ডেনমার্কের শীর্ষ ফুটবল ক্লাব এফসি মিটজিল্যান্ডের শিবিরে বড় এক দুঃসংবাদ হয়ে এলো ১৯ বছর বয়সী তরুণ মিডফিল্ডার আলামারা জাবির ওপর হামলার খবর। হারনিং শহরে এক নৃশংস ছুরিকাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এই ফুটবলার। মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে হারনিং শহরে অজ্ঞাত পরিচয়ধারীদের হামলার শিকার হন জাবি। ছুরিকাঘাতের পর তাঁর শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, চিকিৎসকরা একে ‘জীবনসংকটাপন্ন’ হিসেবে অভিহিত করেছিলেন।
তবে স্বস্তির খবর হলো, টানা দুটি সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে দীর্ঘক্ষণ কৃত্রিম কোমায় রেখেছিলেন। আজ তাকে কোমা থেকে জাগিয়ে তোলা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ হালনাগাদে বলা হয়েছে,'বর্তমান পরিস্থিতিতে তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।'
পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব বেনফিকার যুব একাডেমি থেকে উঠে আসা আলামারা জাবি ২০২৩ সালে মিটজিল্যান্ডে যোগ দেন। মাঝে ধারে অন্য ক্লাবে খেললেও সম্প্রতি ডেনমার্কে ফিরেছিলেন তিনি। যদিও এই মৌসুমে মূল দলের হয়ে লিগে এখনো তাঁর অভিষেক হয়নি। সাবেক বুরুশিয়া ডর্টমুন্ডের কোচ মাইক টুলবার্গের অধীনে থাকা মিটজিল্যান্ড বর্তমানে ডেনিশ লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
