×

জাতীয়

এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নেই বলে স্পষ্টভাবে নাকচ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির অর্থনৈতিক নীতিতে কারও সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই এবং ব্যাংক থেকে অর্থ নিয়ে পালিয়ে যাওয়া সব ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সদস্য (কুমিল্লা-৪) হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের বিপুল অঙ্কের ঋণ ও খেলাপি পরিস্থিতি তুলে ধরে জানতে চান, এসব ঋণ পুনরুদ্ধারে সরকারের কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না এবং গ্রুপটির সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, অতীতে বিএনপির শাসনামলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংক খাতে অনিয়ম নিয়ে কোনো সমঝোতার প্রশ্ন আসেনি। বর্তমান সরকারের অবস্থানও একই—কারও সঙ্গে কোনো আর্থিক সমঝোতার সুযোগ নেই। তিনি জানান, ব্যাংক থেকে অর্থ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে এবং অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলমান।

তিনি আরও জানান, অর্থ পুনরুদ্ধারে একদিকে আন্তঃসরকার (জি-টু-জি) উদ্যোগ চলছে, অন্যদিকে বেসরকারি আন্তর্জাতিক রিকভারি ফার্মও কাজ করছে।

এস আলম ও বেক্সিমকো গ্রুপের অর্থ পাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এসব সম্পদ উদ্ধারে একাধিক দেশে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে এমএলএআর (Mutual Legal Assistance Request) পাঠানো হয়েছে। পাশাপাশি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে সম্পদ অনুসন্ধান চলছে।

তিনি জানান, আদালতের নির্দেশে এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকার সম্পদ ও ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে। বিদেশে থাকা সম্পদ শনাক্ত ও জব্দে চারটি দেশে আইনি সহযোগিতা চাওয়া হয়েছে এবং রেড নোটিশও জারি করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচার একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া। বিভিন্ন দেশের আদালত ও তদন্ত সংস্থার মাধ্যমে প্রমাণ নিশ্চিত না হওয়া পর্যন্ত সম্পদ ফেরত আনা সময়সাপেক্ষ।

তিনি আরও জানান, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিপুল ব্যাংক হিসাব ও শেয়ার জব্দ করা হয়েছে এবং একাধিক মামলা চলমান রয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে আইন সংশোধনের কাজ চলছে।

এছাড়া অর্থমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে এখন পর্যন্ত কোনো অর্থায়ন চুক্তি হয়নি এবং বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় বিচার দাবি জামায়াতের

ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় বিচার দাবি জামায়াতের

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

ইসরায়েলি বাহিনীকে বিশ্বের ‘নিকৃষ্টতম’ সেনাবাহিনী বললেন জাতিসংঘের প্রতিবেদক

ইসরায়েলি বাহিনীকে বিশ্বের ‘নিকৃষ্টতম’ সেনাবাহিনী বললেন জাতিসংঘের প্রতিবেদক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App