শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক বৃত্তি নীতিমালা বদলের চিন্তা করছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি সরকার বিবেচনা করছে। এর আওতায় বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নতুন করে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন।
তিনি বলেন, পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সরকারের লক্ষ্য হলো বিভিন্ন প্রণোদনার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা ও পড়াশোনায় আগ্রহী করা।
তিনি আরো বলেন, পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করাই পরিদর্শনের মূল উদ্দেশ্য। স্কুলগুলো যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং জেলা-উপজেলা পর্যায় থেকে সার্বিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট ইতিবাচক।
তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা পূরণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের মধ্যে সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হতে পারে, যাতে শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহিত হয়।
এ সময় তিনি জানান, সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে প্রাথমিক ও অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
