জরিমানার পর ইউএনওর ওপর হামলার ঘটনায় আসামি ৩০০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
ফাইল ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযুক্তদের ধরতে সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই পাম্পের তেল বিক্রয় স্থগিত করা হয়েছে।
শনিবার উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারসংলগ্ন মের্সাস জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরানোর সময় প্রায় ১০০ জনের একটি দল মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা চালায়। মারধার করা হয় ইউএনওর নিরাপত্তায় থাকা এক আনসার সদস্যকে। তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হামলাকারীরা। পরিস্থিতির অবনতি দেখে ইউএনও পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
