নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি : সংগৃহীত
নীলফামারী জেলা সদরের বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি নিতে বাইকারদের দীর্ঘ সারি দেখা গেছে। সরকারি পূর্ব ঘোষণা অনুযায়ী জ্বালানি নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক থাকলেও, বাস্তবে অনেকেই কার্ড ছাড়াই জ্বালানি নিচ্ছেন। অপরদিকে, ফুয়েল কার্ডধারীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
সরেজমিনে জেলা সদরের মেসার্স রফিকুল আলম চৌধুরী ফিলিং স্টেশন, রাজা ফিলিং স্টেশন, রশিদা ফিলিং স্টেশন, ভাই ভাই ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে বাইকারদের দীর্ঘ সারি। তাঁদের মধ্যে অনেকেরই নেই বাইকের রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স, তবুও তারা ফুয়েল কার্ড ছাড়াই জ্বালানি নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “সরকারি ঘোষণা অনুযায়ী ২৩ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি পাওয়া যাবে না—এমন মাইকিং জেলা শহরজুড়ে করা হয়। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে ২২ এপ্রিল আমার নামে ফুয়েল কার্ড পাই। এতে কিছুটা স্বস্তি পেয়েছিলাম। কিন্তু আজ জ্বালানি নিতে এসে দেখি, বাইকারদের দীর্ঘ সারি—অনেকে কার্ড ছাড়াই জ্বালানি নিচ্ছেন। এমনকি অনেকের বাইকের রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্সও নেই।”
এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন বলেন, “জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ২২ এপ্রিল ফুয়েল কার্ড সংক্রান্ত মাইকিং করা হয়েছে। ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি নেওয়ার বিষয়টি আমার জানা নেই।”
