তারেক রহমান
সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষ ভালো থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটি প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম সশরীরে কোনো জনসমাবেশ বলে উল্লেখ করা হয়।
সমাবেশে তিনি উপস্থিতদের উদ্দেশে জানতে চান, তারা কেমন আছেন। জবাবে সবাই একসঙ্গে বলেন, তারা ভালো আছেন।
তারেক রহমান বলেন, অতীতে স্বৈরাচারী শাসনের সময় নয়াপল্টনে সমাবেশ করতে গেলেই আতঙ্কে থাকতে হতো, হামলার আশঙ্কা থাকত। বর্তমানে পরিস্থিতি ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তবে শুধু কারখানা চালু করলেই সমস্যার সমাধান হবে না -দেশে বিপুলসংখ্যক বেকার শ্রমিক রয়েছেন। তাদের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, যার ফলশ্রুতিতে গণআন্দোলনের মাধ্যমে সেই সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়।
তিনি আরও বলেন, আগের শাসনামলে দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
