বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।
এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টা থেকে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
পরদিন ১৮ এপ্রিল (শনিবার) একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
যেসব প্রার্থী ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময় অনুযায়ী গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
