প্রবাসী কল্যাণমন্ত্রী
দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি : সংগৃহীত
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য নতুন সুবিধা হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই কার্ডটি চালু হতে পারে।
জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি জানান, প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষার মতো সুবিধা দেওয়া হতে পারে। পাশাপাশি যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য বাড়তি সহায়তাও থাকবে।
তিনি আরো বলেন, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে নীতিগত অগ্রগতি হচ্ছে।
প্রবাসীদের বিনিয়োগ প্রসঙ্গে তিনি জানান, অনেকেই দেশে বিনিয়োগ করতে আগ্রহী হলেও জটিলতা ও প্রতারণার কারণে সমস্যা হয়। এ জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সিলেট-৪ আসনের উন্নয়ন, গোয়াইনঘাটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
শেষে তিনি বলেন, রাজনৈতিক বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
