হজের পারমিট সংগ্রহে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বৈধ দাপ্তরিক প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র সংগ্রহের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সৌদি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া, সৌদিতে অবতরণের পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাপ্তরিক মাধ্যমে অনুমতিপত্র গ্রহণ করার কথা বলা হয়েছে সৌদি এ মন্ত্রণালয়।
অনুমতির শর্ত প্রতিপালনের মাধ্যমে পবিত্র স্থানসমূহের সকল ধরনের সেবা প্রাপ্তি এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভীড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা দিয়েছে। অননুমোদিত মাধ্যমে বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এধরনের কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে অথবা তাদেরকে আইনি শাস্তির সম্মুখীন করতে পারে।
প্রাতিষ্ঠানিক চ্যানেলে হজের অনুমতিপত্র সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুমতিপত্র একটি মসৃন হজের অভিজ্ঞতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সেবা প্রাপ্তির নিশ্চয়তা দিতে সাহায্য করবে।
