সুজন
সংরক্ষিত নারী আসনের শীর্ষ ১০ আয়কারী সবাই বিএনপির
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৫০ সংসদ সদস্যের মধ্যে সর্বোচ্চ আয়কারী ১০ জনই বিএনপির বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। তাদের মধ্যে চারজনের বার্ষিক আয় এক কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সুজনের প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
শীর্ষ ১০ আয়কারীর তালিকায় রয়েছেন শামীম আরা বেগম স্বপ্না, জহরত আদিব চৌধুরী, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, আন্না মিনজ, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম, নিপুণ রায় চৌধুরী, বিথীকা বিনতে হোসাইন ও সেলিমা রহমান।
দিলিপ কুমার সরকার জানান, বছরে পাঁচ লাখ টাকা বা তার কম আয় করেন ১৩ জন সংসদ সদস্য, যা মোট সদস্যের ২৬ শতাংশ। এদের মধ্যে ১১ জন ১১ দলীয় জোট থেকে নির্বাচিত।
তিনি আরো জানান, পাঁচ লাখ থেকে ২৫ লাখ টাকা আয় করেন ১৯ জন সদস্য, যা মোটের ৩৮ শতাংশ। এছাড়া ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আয় করেন পাঁচজন এবং ৫০ লাখ থেকে এক কোটি টাকা আয় করেন দুইজন সদস্য।
এক কোটি টাকার বেশি আয়কারীদের মধ্যে রয়েছেন বিএনপির শামীম আরা বেগম স্বপ্না, যার বার্ষিক আয় ৪ কোটি ২৬ লাখ ১০ হাজার ৫০৬ টাকা। জহরত আদিব চৌধুরীর আয় ৩ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৩৯৩ টাকা, সাকিলা ফারজানার আয় ৩ কোটি ৭১ হাজার ১২৩ টাকা এবং আন্না মিনজের আয় ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ২৪৬ টাকা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সাতজন সংসদ সদস্য তাদের আয়সংক্রান্ত তথ্য পূরণ করেননি। সুজনের বিশ্লেষণে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদে যেমন স্বল্প আয়কারীর হার বেড়েছে, তেমনি উচ্চ আয়কারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
