নয়াপল্টনে সমাবেশ মঞ্চে তারেক রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি : সংগৃহীত
নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এই কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শুক্রবার (১ মে) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে পৌঁছান তিনি। এর আগে মঞ্চে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ২টা ৩০ মিনিটে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করা হয়।
দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পুরুষদের পাশাপাশি কর্মজীবী নারীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
সমাবেশস্থলে লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়।
এর আগে বৃষ্টিকে উপেক্ষা করেই ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। শ্রমিক দলের নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।
