হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (১ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ১০টা পর্যন্ত ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরো ৮ হাজার ৮৩০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। বাকী ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন।
আরো পড়ুন : হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।
