×

জাতীয়

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)–এর প্রাথমিক সই সম্পন্ন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ব্রাসেলসে এ চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এশিয়া ও প্যাসিফিক) পাওলা পাম্পালনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কাল্লাস।

চুক্তিটি স্বাক্ষরিত হলে এটি বাংলাদেশ–ইইউ সম্পর্কের জন্য একটি কৌশলগত, দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও আইনি ভিত্তি হিসেবে কাজ করবে। মানবাধিকার, সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা, জ্বালানি, পরিবহন এবং বিজ্ঞান–প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও সম্পর্ক বিস্তৃত হবে।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে পিসিএ চুক্তির পথে অগ্রসর হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় ২০২৪ সালের নভেম্বর মাসে ঢাকায় বাংলাদেশ ও ইইউ’র বৈঠকের মাধ্যমে। এরপর ঢাকা ও ব্রাসেলসে মোট পাঁচ দফা বৈঠক ও একাধিক কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়। সর্বশেষ দফায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এর মধ্যে ছিল আইনি ও বিচারিক সহযোগিতা, মেধাস্বত্ব অধিকার, জ্বালানি সহযোগিতা, মৎস্য ও জলজ সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্র প্রশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার এবং শুল্ক সহযোগিতা।

চুক্তি সইয়ের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্রাসেলসে কাজা কাল্লাসের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাণিজ্য ও বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, শ্রমমান এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এবং ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন স্বাক্ষরিত পিসিএকে ভবিষ্যতমুখী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে স্বাগত জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাড়া সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে

যাত্রী কল্যাণ সমিতি ভাড়া সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে

মাদকের টাকা না পেয়ে নিজের ঘরেই আগুন

মাদকের টাকা না পেয়ে নিজের ঘরেই আগুন

এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা

শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা

উজানের স্রোতে ডুবে গেল কৃষকের সোনালি স্বপ্ন

পানির নিচে ৩০০ বিঘা ধান উজানের স্রোতে ডুবে গেল কৃষকের সোনালি স্বপ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App