কটূক্তি বা কার্টুন শেয়ারে গ্রেফতার নিয়ে সংসদে হাসনাতের উদ্বেগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন শেয়ার করার ঘটনায় গ্রেফতারের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, শেখ হাসিনার আমলেও কটূক্তি বা কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার করা হতো। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী সময়েও এমন ঘটনা ঘটবে তা তিনি কল্পনা করেননি।
তিনি আরও বলেন, মিম শেয়ারের ঘটনায় সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা দেওয়া হয়েছে, যা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা। অথচ একটি মিম শেয়ারের সঙ্গে সেই ধারার প্রাসঙ্গিকতা নেই বলে তিনি মন্তব্য করেন। তার মতে, বিরোধী মত দমনে এই আইন ব্যবহার করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জামিনও দেওয়া হচ্ছে না।
সংসদের প্রশ্নোত্তর পর্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তারকা চিহ্নিত প্রশ্নগুলো মৌখিকভাবে না নিয়ে কেবল টেবিলে উপস্থাপন করা হচ্ছে, ফলে সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না এবং মন্ত্রীদের জবাবদিহি কমে যাচ্ছে।
তিনি বলেন, সংসদ সদস্যদের সময় খুবই সীমিত, অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সুযোগও সংকুচিত হচ্ছে। এতে সংসদ কার্যত স্ক্রিপ্টেড আলোচনায় পরিণত হচ্ছে কি না—এ প্রশ্ন তোলেন তিনি।
কার্টুন শেয়ারের ঘটনায় গ্রেফতারের প্রসঙ্গ টেনে তিনি পুনরায় বলেন, এমন ঘটনা অতীতেও ঘটেছে, কিন্তু বর্তমান সময়েও তা ঘটায় তিনি বিস্মিত।
এ বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম জানান, তার বা সরকারের সমালোচনায় কাউকে গ্রেফতার করা হয়ে থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত এবং প্রয়োজনে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদ সদস্যদের অধিকার হলেও নির্দিষ্ট সময়সীমার কারণে কিছু প্রশ্ন টেবিলে উপস্থাপন করা হচ্ছে। তবে সংসদ চলমান রাখার সময় বাড়ানো গেলে পূর্ণাঙ্গ আলোচনা ও প্রশ্নোত্তর সম্ভব হতো।
গ্রেফতার প্রসঙ্গে চিফ হুইপ জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শুধু কার্টুন নয়, অন্য কোনো সাইবার অপরাধ বা আর্থিক অনিয়মের অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। যদি কেবল রাজনৈতিক স্যাটায়ারের কারণে হয়ে থাকে, তবে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
