ধর্মমন্ত্রী
‘মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি, বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে হজ ব্যবস্থাপনায় সেবামূলক মনোভাবের ওপর জোর দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, হজ ব্যবস্থাপনার উন্নয়নে যা প্রয়োজন, তা করা হবে। “কোনো অন্যায় বা অনিয়ম সহ্য করা হবে না,” বলেন মন্ত্রী।
তিনি আরও জানান, সীমিত সময়ের মধ্যেও এবার হজ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, টিকিট ব্যবস্থা সহজ হয়েছে এবং শতভাগ আবাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর কর্মীদের প্রশংসা করে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের কর্মীরা নিরলস পরিশ্রম করছেন, ফলে হজযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেন।
হজযাত্রীদের উদ্দেশে তিনি দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তারা সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একইসঙ্গে সততা ও ন্যায়ের পথে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
