৩০ উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে বাড়তে থাকা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চালু করা হয়।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা আগে টিকা নিয়েছে তারাও চলমান ক্যাম্পেইনে অংশ নিতে পারবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, প্রথম ধাপে সারাদেশে নয়, বরং উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব এলাকায় হামের সংক্রমণ তুলনামূলক বেশি হওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পাশাপাশি তিনি জানান, বর্তমানে অসুস্থ শিশুদের এই টিকা দেওয়া হবে না। তবে যারা হামে আক্রান্ত, তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর জেলার নির্ধারিত উপজেলাগুলোতে এই টিকাদান কর্মসূচি চলছে।
