বাতিলের পথে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ প্রতিবেদন উপস্থাপন করা হবে। এতে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা ও সংশোধন সংক্রান্ত বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে।
কমিটির সুপারিশ অনুযায়ী, বাতিলের তালিকায় থাকা ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি ভবিষ্যতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উপস্থাপন করবে। অপরদিকে, ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।
বিরোধীদের ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি
প্রতিবেদনটি সর্বসম্মতভাবে উপস্থাপিত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন এবং ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন। তাদের আপত্তির মধ্যে রয়েছে—অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ, সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ, বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ এবং স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।
সংসদীয় কমিটির এই প্রতিবেদনটি এখন হাউসে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দিতেই এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
