সাবেক এমপি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
জানাজার আগে, মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।
এ সময় মরহুমকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘জি এম ফজলুল হক ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। তিনি আজীবন দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।’
জানাজায় আরো শ্রদ্ধা জ্ঞাপন করেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সচিবালয়ের পক্ষে সচিব মিজ কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জানাজায় জাতীয় সংসদের বর্তমান সদস্যরা, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
