×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ৫১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:২০ এএম

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ৫১

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে পৌঁছালেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। শেষ ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা দিন দিন বাড়ছে। খবর আল জাজিরার।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নতুন করে হামলা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় হেলথ অথরিটির দুটি স্থাপনাকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে চললেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করার পর এখন পর্যন্ত দেশজুড়ে নিহত হয়েছেন দুই হাজার ৮৪৬ জন।

আরো পড়ুন : ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে ইসরায়েলের ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৩০ জন।

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে লেবানিজ সিভিল ডিফেন্সের প্রধান আলী সফিউদ্দিন আল জাজিরাকে বলেন, আমরা প্রতি মুহূর্তে হুমকির মধ্যে থাকি। প্রতিদিন মনে হয়— আমরা বাঁচব নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা যেন আগেই জীবন উৎসর্গ করেছি।

টাইর থেকে আল জাজিরার প্রতিবেদক ওবায়দা হিত বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার কথা। কিন্তু এখন বাস্তবতা হলো— পরবর্তী হামলা কখন হবে, সেই প্রশ্নের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার মতো কতজন মানুষ বেঁচে থাকবে।

গাজা ও লেবাননে কাজ করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তাকর্মী ড. তাহির মোহাম্মদ বলেন, দুই জায়গাতেই তিনি ইসরায়েলি অভিযানের মধ্যে একই ধরনের ধরণ দেখেছেন। তিনি বলেন, গাজায় আমরা প্রায়ই সহকর্মীদের আহত অবস্থায় হাসপাতালে আসতে দেখেছি। নার্স, চিকিৎসাকর্মী ও মেডিকেল শিক্ষার্থীরাও হামলায় নিহত হয়েছেন। লেবাননেও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে একই ধরনের নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ইসরায়েল যদি তাদের ইচ্ছামতো চলতে পারত, তাহলে পুরো দক্ষিণ লেবানন দখল করে নিত। মানবজীবনের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই— আমি নিজ চোখে তা দেখেছি।

উল্লেখ্য, ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় ১২ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তারপরও হামলার মাত্রা আরো বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভ্রূণের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের রায়

ভ্রূণের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের রায়

জাল নোট ঠেকাতে পশুর হাটে থাকছে ব্যাংকের বুথ

জাল নোট ঠেকাতে পশুর হাটে থাকছে ব্যাংকের বুথ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

রাজধানীতে ঝড়বৃষ্টির সতর্কতা

রাজধানীতে ঝড়বৃষ্টির সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App