নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ। রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
শুনানিতে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করবেন তাদের আইনজীবীরা। এর আগে গত ১৫ এপ্রিল শুনানির দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা পিছিয়ে আজকের তারিখ ঠিক করা হয়।
সেদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সময়ের আবেদন জানিয়ে বলেন, নির্ধারিত তারিখে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।
মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
আরো পড়ুন : শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ
এর আগে ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করায় তা অনুষ্ঠিত হয়নি বলে জানান আসামিপক্ষের আইনজীবীরা। পরে ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতি এবং উসকানিতে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরো অনেকে।
