ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালত পরিচালনার প্রথম দিনেই মোট ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে বুধবার (২২ এপ্রিল) এসব মামলার শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি শেষে ২১টি মামলা নিষ্পত্তি করা হয়। অন্যদিকে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি থেকে ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সব মিলিয়ে উভয় বিভাগে মোট ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়।
গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
