হাদি হত্যা
আদালতে অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ মাজেদুল হক ওরফে হেলাল আদালতে জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে হেলালকে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূললক জবানবন্দি নথিবদ্ধ করার আবেদন করেন মামালার তদন্ত কর্মকতা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা।
আবেদনের পরিপ্রেক্ষিতে হেলালের জবানবন্দি নথিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এরপর তাকে কারাগারে পাঠানোর তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
গত ১৫ এপ্রিল হেলালকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।
তিনি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’ নামে একটি অস্ত্র বিক্রির দোকানের মালিক। ১৪ এপ্রিল চট্টগ্রামের চকবাজার থানার হারেছ শাহ মাজার লেন থেকে হেলালকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তফসিল ঘোষণার পরদিন গেল ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে আততায়ীর গুলিতে মারাত্মক আহত হন তিনি।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা করেন।
