টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: ভোরের কাগজ
খুলনার ডুমুরিয়া উপজেলায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কৃষকেরা। একদিকে পানিতে ডুবে যাচ্ছে মাঠের ধান, অন্যদিকে শ্রমিক সংকট ও রোদের অভাবে কাটা ও মাড়াইকৃত ধানও নষ্ট হওয়ার মুখে পড়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনভর বৃষ্টির ফলে উপজেলার একাধিক এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষকদের ভাষ্য, নিচু জমিতে পানি জমে থাকায় হারভেস্টার নামানো সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে সংকটের কারণে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
স্থানীয় কৃষকদের দাবি, বর্তমানে দৈনিক প্রায় এক হাজার টাকা মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক মিলছে না। কোনোভাবে ধান কেটে খলায় তুললেও টানা বৃষ্টিতে তা শুকানো যাচ্ছে না। এতে ধানে দুর্গন্ধ তৈরি হচ্ছে, কোথাও কোথাও অঙ্কুরও গজাতে শুরু করেছে।
খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের কৃষক আব্দুল হামিদ গাজী বলেন, ‘এই বছরের মত দুর্গতি গত কয়েক বছরের মধ্যে হয়নি। অতিরিক্ত মজুরী দিয়েও শ্রমিক পাচ্ছিনা। বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যেতে শুরু করেছে। আমাদের জমিতে হারবেস্টার মেশিনও আসে না।’
কৃষক হাবিবুর রহমান শেখ বলেন, ‘বেশি টাকা দিয়ে ধান কেটেও স্বস্তি নেই। রোদ না থাকায় খলায় ধানের স্তুপ পড়ে আছে। রোদের অভাবে ধান নষ্ট হচ্ছে। সব সংকট একসাথে দেখা দিয়েছে।’
কৃষি বিভাগ জানায়, টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে থাকায় ধান ক্ষতির ঝুঁকিতে রয়েছে। দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা বলেন, টানা বৃষ্টির কারণে কিছু নিচু এলাকার ধান পানির নিচে চলে যাচ্ছে। কৃষকদের দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিক সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থার দিকেও নজর দেওয়া হচ্ছে। তিনি জানান, উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৬৫ শতাংশ ধান ইতোমধ্যে কাটা হয়েছে।
