লোকালয়ে ঢুকে পড়া মায়াবী হরিণ উদ্ধার, পরে বনে অবমুক্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে একটি মায়াবী হরিণ লোকালয়ে ঢুকে পড়ার পর সেটিকে উদ্ধার করে আবার বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল শিকদারের বাড়ির বাগান থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন ভোলা নদীর কিছু অংশ ভরাট হয়ে যাওয়ায় প্রায়ই বনের প্রাণীরা সাঁতরে লোকালয়ে চলে আসে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে খাবারের সন্ধানে অথবা বাঘের তাড়া খেয়ে হরিণটি গ্রামে ঢুকে পড়ে।
সকালে বাড়ির লোকজন বাগানে হরিণটি দেখতে পেয়ে বন নিয়ে কাজ করা সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেন। পরে তাদের সহযোগিতায় বনরক্ষীরা হরিণটিকে নিরাপদে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে যায়।
পরে হরিণটিকে সুস্থ অবস্থায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বনরক্ষীদের মাধ্যমে ওয়াইল্ড টিমের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করা হয় এবং পরে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
