যে আমল আপনার ভিতরে নাই, সে আমল অন্য কাউকে করতে বলবেন না: ছারছীনার পীর ছাহেব
মো. মিজানুর রহমান আকন
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২২ পিএম
ছবি: সংগৃহীত
নিজে আমল না করে অন্যকে উপদেশ দেওয়া ইসলামের দৃষ্টিতে একটি গর্হিত কাজ। যে আমল আপনার ভিতরে নাই, সে আমল অন্য কাউকে করতে বলবেন না বলে মন্তব্য করেছে আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।
রোববার (১০ মে) রাজধানী ঢাকার অদূরে তুরাগ থানাধীন নিশাতনগর ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
তিনি বলেন, ইসলামে কথা ও কাজের মিল থাকা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা অনেক সময় অন্যকে ভালো কাজের পরামর্শ দেই, কিন্তু নিজের জীবনে তার প্রতিফলন থাকে না। এই দ্বিমুখী আচরণ শুধু সামাজিকভাবেই লজ্জাজনক নয়, বরং মহান আল্লাহর কাছেও অত্যন্ত অপছন্দনীয় এবং নিজের আমলশূন্য উপদেশ আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়।
তিনি আরো বলেন, আপনি যদি নিজে মিথ্যা বলেন আর অন্যকে সত্য বলতে উৎসাহিত করেন, তবে আপনার কথা কারো হৃদয়ে স্পর্শ করবে না। উপদেশের কার্যকারিতা নির্ভর করে ব্যক্তির ‘ইখলাস’ বা নিষ্ঠার ওপর। যখন কেউ নিজে আমল করে অন্যকে বলে, তখন সেই কথার মধ্যে এক ধরনের তা’ছীর তথা প্রভাব তৈরি হয়। আবার অন্যকে সংশোধন করার আগে নিজের নফস বা আত্মাকে সংশোধন করা জরুরি। আপনি যখন কোনো একটি ভালো কাজ নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন সেটি নিয়ে অন্যকে বলার এক ধরনের নৈতিক সাহস ও অধিকার আপনার তৈরি হবে। এসবের মূল কারণ হলো: আমাদের কথা ও কাজের অমিল। তাই আসুন, আমরা অন্যকে কোনো ভালো কাজের বা নেক আমলের কথা অথবা দাওয়াত দেওয়ার আগে সেটি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি।
মাহফিলে আরো আলোচনা করেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
