জার্মানিতে রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি- সংগৃহীত
জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল পদার্থ নিক্ষেপ করেছেন এক যুবক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদমাধ্যম ইয়েনি সাফেক এ তথ্য নিশ্চিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতির সমালোচনা করে বক্তব্য দেওয়ার পরপরই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংবাদ সম্মেলনস্থল থেকে বের হওয়ার সময় আচমকা এক যুবক পাহলভিকে লক্ষ্য করে লাল রঙের তরল ছুড়ে মারেন। ধারণা করা হচ্ছে, এটি টমেটো সস বা জুস ছিল। তবে সেখানে উপস্থিত নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করতে সক্ষম হন। ঘটনার পরপরই ৬৫ বছর বয়সী রেজা পাহলভি দ্রুত গাড়িতে করে এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, রেজা পাহলভি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তার বাবা ক্ষমতাচ্যুত হলে তিনি দেশত্যাগে বাধ্য হন। বর্তমানে নির্বাসনে থাকলেও পাহলভি পুনরায় ইরানে ফিরে রাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। জার্মানিতে অবস্থানকালে দেশটির সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক না হলেও তিনি প্রবাসী ইরানিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
