ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে বড় ধরনের রদবদল এনেছে নরেন্দ্র মোদি সরকার। বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। দীর্ঘদিন পর কোনো প্রতিবেশী দেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মা বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে ৭৫ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দীনেশ ত্রিবেদী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময়ে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসন থেকে লোকসভা সদস্য ছিলেন। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) হয়ে রাজনীতি করলেও ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দলটি ত্যাগ করেন। একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিবেদীর এই নিয়োগের মাধ্যমে মোদি সরকার স্পষ্ট করেছে, গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে তারা শুধু পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের ওপর নির্ভর করতে চায় না। বরং প্রয়োজনে অভিজ্ঞ রাজনৈতিক নেতাদেরও এই দায়িত্ব দেওয়া হবে।
এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ঢাকায় ত্রিবেদীর মতো প্রভাবশালী নেতাকে পাঠানোর সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে, বর্তমান জটিল আঞ্চলিক প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় ভারত এখন আরো শক্তিশালী ও অভিজ্ঞ ব্যক্তিত্বদের ওপর আস্থা রাখছে।
দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের জন্য ঢাকার আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষা করা হচ্ছে। অনুমোদন সম্পন্ন হলেই তিনি বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
