হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহতভাবে বাড়ছে। একই সঙ্গে এই রোগে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামের কারণে এবং বাকি তিনজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯৭ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৫ জন।
এছাড়া এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৩২৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৩৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৮১ জন।
