সংবাদপত্রে ১০ম ওয়েজ বোর্ড গঠন শুরু শিগগির : তথ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত
সংবাদপত্র খাতে খুব শিগগির ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকদের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্যের কারণে এটি এখনো কার্যকর হয়নি। বর্তমানে ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত ছয়টি রিট/সিভিল পিটিশন বিচারাধীন রয়েছে।
বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন, হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জরুরি কল্যাণ সহায়তা।
আরো পড়ুন : দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব
সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলমান।
মন্ত্রী আরো জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশাপাশি নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের ৭৩ লাখ ২৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৬ সালের রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারের মধ্যে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে ৪টি সরকারি টিভি চ্যানেল রয়েছে। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও ৩৭টি পূর্ণ সম্প্রচারে রয়েছে। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন বর্তমানে অপেক্ষমাণ নেই।
বিরোধীদলীয় সংসদ সদস্য আবদুল আলীমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার মান উন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডেটাবেইস তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।
