‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
খেলাধুলার মানোন্নয়নে ‘নতুন কুড়ি স্পোর্টস’ পাইলট প্রকল্পসহ দুটি প্রকল্পে ৫৫ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাকি ৩ মাসের (এপ্রিল-জুন) জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে একটি প্রকল্পের আওতায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ১ লাখ টাকা করে মাসিক সন্মানী দেওয়া হবে। এতে ব্যয় হবে ১৫ কোটি টাকা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ব্যয় হবে ৪০ কোটি ১৩ লাখ টাকা।
বর্তমান সরকারের ক্রীড়া ক্ষেত্রে নির্বাচনী ইশতেহারের ওয়াদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৪ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সব খেলার জাতীয় দলের খেলোয়াড়দেরকে একটি স্থায়ী বেতন/ভাতা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে চলতি বছরের এপ্রিল-জুন পর্যন্ত সময়ে মাসিক ভাতা দেওয়া এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নামক একটি পাইলট প্রকল্প চালুর লক্ষ্যে মোট ৫৫ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ রাখা হবে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠা করা হবে। সে লক্ষ্যে সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি স্থায়ী বেতন/ভাতা কাঠামোর আওতায় আনার জন্য এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ৫০০ খেলোয়াড়ের মাসিক বেতন এক লাখ টাকা হারে ১৫ কোটি টাকা প্রয়োজন হবে।
এছাড়া, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রমের পাইলট প্রকল্প চালু করার লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ৪০ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়।
প্রস্তাবটি পর্যালোচনায় দেখা যায়, জাতীয় ক্রীড়াবিদ পেশাগত স্বীকৃতি ও ভাতা প্রদান নীতিমালা, ২০২৬ (খসড়া) প্রণয়ন করা হয়েছে, যা এখনও চূড়ান্ত করা হয়নি।
ওই নীতিমালার ১৩ নং অনুচ্ছেদে জাতীয় দলের ক্রীড়াবিদদের মাসিক ভাতা ১ লাখ টাকা হারে উল্লেখ রয়েছে।
তাছাড়া, ‘নতুন কুঁড়ি’ নির্দেশিকা (খসড়া) অনুযায়ী উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ৭টি ইভেন্টে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ‘নতুন কুঁড়ি’ এর পাইলটিং চালু করার লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রস্তাবিত অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে সুপারিশ করে অর্থ বিভাগ।
উল্লেখ্য, নবনির্বাচিত সরকারের ইশতেহারের ৫ম অধ্যায়ে উল্লেখ রয়েছে যে, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথা বলা হয়। প্রস্তাবে সব খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি স্থায়ী বেতন/ভাতা কাঠামোর আওতায় আনার জন্য পদসৃজনের আবশ্যকতা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
‘নতুন কুঁড়ি’ কার্যক্রমটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক/বালিকা (অনুর্ধ্ব-১৭) সমজাতীয় হওয়ায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তাবিত বরাদ্দ ক্রীড়া উন্নয়ন এর অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়।
প্রস্তাব অর্থমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তিনি তাতে অনুমোদন দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।
