×

বিনোদন

ঈদে আলোচনায় চার নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১২ এএম

ঈদে আলোচনায় চার নায়িকা

ছবি: সংগৃহীত

ঈদের সিনেমা ঘিরে ঢালিউডে আলোচনায় কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের কেউ ফিরে আসার লড়াইয়ে, কেউ আবার নতুনভাবে নিজেকে প্রমাণের পথে।

নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর প্রায় এক যুগ পার করেছেন পূজা চেরী। তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রেদওয়ান রনির সিনেমা ‘দম’-এর জন্য তাঁকে অডিশন দিতে হয়েছে। যা ঢাকাই চলচ্চিত্রে তুলনামূলক নতুন অভিজ্ঞতা। ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর অভিনীত ‘জ্বীন’, ‘লিপিস্টিক’ ও ‘টাইগার’ দর্শকপ্রিয়তা পায়নি তেমনভাবে। ফলে ‘দম’ দিয়েই আবার নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রত্যাশা ছিল তাঁর। মুক্তির পর সেই সম্ভাবনার ইঙ্গিতও মিলেছে। নিশোর সঙ্গে তাঁর রসায়ন এবং আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা রেদওয়ান রনিও তাঁর নিবেদন ও চরিত্রের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন।

অন্যদিকে চার বছর পর ঈদের সিনেমায় ফিরেছেন নাজিফা তুষি। ২০২২ সালে মেজবাহউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ বিরতি কাটিয়ে তিনি হাজির হয়েছেন রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ। এখানে ‘রেশমা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। টিজার প্রকাশের পর থেকেই তাঁর ভিন্নধর্মী লুক ও অভিনয় প্রশংসিত হচ্ছে। ছবির চিত্রনাট্যকার মেহেদি হাসান সামাজিক মাধ্যমে তুষির চরিত্রে ঢুকে যাওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত লিখে তাঁর মেথড অ্যাকটিংয়ের প্রশংসা করেন। কখনো চরিত্রের প্রস্তুতিতে তিনি ভিন্ন পরিবেশে নিজেকে মিশিয়ে দিয়েছেন, আবার কখনো ডায়ালগ নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এ বছর ‘রইদ’ সিনেমাতেও দেখা যাবে তাঁকে, যেখানে আবারও সুমন–তুষি জুটি ফিরছে।

তাসনিয়া ফারিণের জন্যও এবারের সময়টা গুরুত্বপূর্ণ। গত ঈদুল আজহায় ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে প্রথম বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর বেশ কিছু প্রজেক্টের খবর এলেও শেষ পর্যন্ত তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায়। ছবির টিজার ও ‘জ্বালা জ্বালা’ গানে তাঁর উপস্থিতি নজর কাড়লেও দর্শকপ্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই মনে করেছেন, ছবিতে তাঁর আরও বেশি উপস্থিতি থাকলে ভালো হতো। এর আগে ‘আরও এক পৃথিবী’ ও ‘ফাতিমা’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও সেগুলো ছিল ভিন্নধারার গল্পনির্ভর কাজ। মূলধারার বাণিজ্যিক সিনেমায় তাঁর পূর্ণ সম্ভাবনা দেখতে দর্শকদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

সাবিলা নূরও ধীরে ধীরে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন। গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। যদিও ছবিতে তাঁর উপস্থিতি ছিল সীমিত, তবুও আত্মবিশ্বাসী অভিনয় নজর কেড়েছে দর্শকদের। বিশেষ করে ‘লিচুর বাগানে’ গানটি আলোচনায় আসে। এবার তিনি তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’-এ প্রধান চরিত্র ‘চিত্রা’ হিসেবে হাজির হয়েছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীর চরিত্রে অভিনয়ের জন্য অন্য একটি সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। তারকাবহুল এই ছবিতে অভিনয়ের পর দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন সাবিলা। হল ভিজিটে গিয়ে তিনি এটিকে পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। সামনে তাঁর কাছ থেকে আরও বৈচিত্র্যময় চরিত্র প্রত্যাশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা, উত্তেজনার মধ্যেই গ্যাসবাহী ট্যাঙ্কারের হরমুজ পাড়ি

জ্বালানি নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা, উত্তেজনার মধ্যেই গ্যাসবাহী ট্যাঙ্কারের হরমুজ পাড়ি

অস্ট্রেলিয়া ইইউ নতুন চুক্তি

অস্ট্রেলিয়া ইইউ নতুন চুক্তি

সংকটে পিএসএল, বদলালো ভেন্যু ও আয়োজন

সংকটে পিএসএল, বদলালো ভেন্যু ও আয়োজন

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত বেড়ে ৬৬

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত বেড়ে ৬৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App